ঢাকা, ২৯ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের বর্ষপূর্তিকে ঘিরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪টি জেলায় কর্মসূচি পালন করবে দলটি। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, “শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলায় জুলাই পদযাত্রার সূচনা হবে। এই পদযাত্রার লক্ষ্য হলো বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমূলক বাংলাদেশ গঠনে জনগণকে সচেতন ও সংগঠিত করা।”
তিনি আরও জানান, ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে সারাদেশে পালন করবে জাতীয় নাগরিক পার্টি। কারণ, এই দিনে শহীদ হন আবু সাঈদ। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি এবং ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালন করা হবে।
নাহিদ ইসলাম বলেন, “১৬ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো শহীদদের স্মরণ, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে গঠিত। সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তাই আমরা জনগণের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেবো।”
তিনি আরও বলেন, “৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটি থেকে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি। এ দিবস কোনোভাবেই জনগণের সঙ্গে সংযুক্ত নয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির এ পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, কর্মসূচিটি মাঠে কীভাবে বাস্তবায়িত হয় এবং জনগণের কতটুকু সম্পৃক্ততা অর্জন করে।
Leave a Reply