চুয়াডাঙ্গা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): তিনি আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী- এমন অভিযোগ এনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদ ও আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসী ব্যানারে’ এ মানববন্ধন করা হয়।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চুয়াডাঙ্গা জেলার আহবায়ক আলমগীর হোসেন, এনসিপির জেলা যুগ্ম-আহ্বায়ক ছমির হোসেন ও সুমন হোসেন মানববন্ধনে বক্তব্য দেন।
আলমগীর হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ও জুলাই আন্দোলনের বিরোধিতাকারী গৌতম কুমার বিশ্বাস। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ফ্যাসিষ্ট ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের অন্যতম সহযোগী ছিলেন। তাকে কোনোভাবেই পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গাবাসী মেনে নেবে না।
অবিলম্বে গৌতম কুমার বিশ্বাসের পদায়ন বাতিল করে সৎ ও নিরপেক্ষ পুলিশ সুপারকে চুয়াডাঙ্গায় নিয়োগের দাবি জানান এবি পার্টির নেতা।
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজাজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী, দামুড়হুদা থানা সদস্য সচিব আরশেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
ঢাকা মহানগরের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপার গোলাম মওলাকে বদলি করে সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পদায়ন করা হয়।
Leave a Reply