আশুলিয়া (সাভার), ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা বুধবার সকাল এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে কারখানার শতাধিক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে তাদের বেতন নিয়মিত পরিশোধ করা হচ্ছে না। এতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে তাঁরা আজকের এই কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা অভিযোগ করেন, বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাননি। এ অবস্থায় তারা মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান।
মানববন্ধন শেষে শ্রমিক প্রতিনিধিরা বলেন, “আমাদের কষ্টার্জিত শ্রমের মূল্য চাই। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যদি দ্রুত বেতন না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে নাসা গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি দেখছেন এবং যত দ্রুত সম্ভব শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে।
Leave a Reply