মির্জাপুর (টাঙ্গাইল), ১৬ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরের সেই যমজ দুই বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা জিপিএ-৫ পেয়েছে। ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পায় তারা।
রুবাবা জামান ও রুবাইয়া জামানের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তারা ঠিকাদার মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। দুবোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।
কামরুজ্জামান মুঠোফোনে জানান, তার যমজ দু’মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। ‘মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ খুশি। আমি মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানিসহ বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো: এনামুল ইসলাম বলেন, ‘রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।’
Leave a Reply