ঢাকা, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকার মধ্যে আরও ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীনলাইন কর্তৃপক্ষ। আজ সোমবার হাইকোর্টের মাধ্যমে রাসেলের হাতে চেক তুলে দেন গ্রীনলাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ চেক দিয়ে আগামী ৭ই আগস্ট ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন রাসেল। এর আগে গত ১০ই এপ্রিল রাসেলকে পাঁচ লাখ টাকা দেয় গ্রীনলাইন কর্তৃপক্ষ। বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে রাসেলকে দিতে বলেছেন আদালত।
আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করে গ্রীনলাইনের পরিবহনের আইনজীবী প্রতিবেদন দাখিল করেন।
উল্লেখ্য, গত বছরের ২৮শে এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার সড়কে গ্রীনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। পা হারানোর পর গত বছরের ১৪ই মে ক্ষতিপূরণ চেয়ে তার পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। আদালত তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
Leave a Reply