ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আমাদের দলের শক্তি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের (আওয়ামী লীগ) অত্যাচার-নির্যাতন প্রশাসনের কারণে আজকে বিএনপি অনেক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
মওদুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাবন্দি আছেন ঠিকই কিন্তু তার জনপ্রিয়তা অনেক অনেক বেশি করেছে আওয়ামী লীগ। তাদের নেতাদের রাতে-ঘুম হয় না বেগম জিয়ার কথা চিন্তা করে। আমাদেরকে বলে আমরা নাকি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছি।’
‘আমাদের ২৬ লাখ কর্মী যারা বিভিন্ন মামলার আসামি হয়েছে তাদেরকে যদি দশগুণ করা হয় তাহলে দুই কোটি ৬০ লাখ। আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। তাদের কারণেই বিএনপি থাকবে তাদের কারণেই আগামী শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে।’
বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘দেশে অত্যন্ত সংকটময় সময় যাচ্ছে। এটি অত্যন্ত স্বাভাবিক অবস্থা। এটা বিশেষ কোনো সময় নয় অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের নির্ভর প্রশাসনের ওপর এটা কখনো হতে পারে না। এদের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। অধিকার আদায়ে তারা ঝাঁপিয়ে পড়বে। তারা ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু তারা সবাই জানেন তারা একটি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করা সম্ভব নয়।’
Leave a Reply