ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়া।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস ক্যাডারের কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে আগামী ১৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপির কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া। চার বছর সাত মাসের বেশি সময় তিনি এ দায়িত্ব পালন করেন। গত ১৪ আগস্ট ছিল তার চাকরির শেষ দিন। কিন্তু সরকার তাকে ওই পদে এক মাসের জন্য (১৩ সেপ্টেম্বর) চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এবার নতুন দপ্তরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো আছাদুজ্জামান মিয়াকে।
আছাদুজ্জামান মিয়া ১৯৬০ সালের ১৪ অগাস্ট ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।
ডিএমপি কমিশনার হওয়ার আগে তিনি সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর ঢাকা রেঞ্জের ডিআইজি ও হাইওয়ে পুলিশের ডিআইজির দায়িত্ব পালন করেন।
Leave a Reply