ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়েছে রাশিয়ায়। সেই বৈঠকে উত্থাপিত হয়েছে কাশ্মীর ও বিতর্কিত ধর্মীয় নেতা ড. জাকির নায়েককে ফেরত দেয়ার ইস্যু। এই দুই নেতা ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে রাশিয়া রয়েছেন। এরই এক ফাঁকে তাদের মধ্যে বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে পরে ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি বৈঠকে জাকির নায়েক ইস্যু উত্থাপন করেছেন। এ বিষয়ে উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে, কর্মকর্তারা এ বিষয়ে যোগাযোগ রাখবেন এবং ইস্যুটি নয়া দিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
উল্লেখ্য, মালয়েশিয়ার কাছে ড. জাকির নায়েককে ফেরত পাঠাতে অনেকদিন ধরে আহ্বান জানিয়ে আসছে ভারত। কিন্তু মালয়েশিয়া এ আহ্বানে সাড়া দেয়নি। ঘৃণা ছড়িয়ে দেয়া বক্তব্য ও নানা অভিযোগে ভারতে ‘ওয়ান্টেড’ ড. জাকির নায়েক। ২০১৭ সালে তার পাসপোর্ট বাতিল করে ভারত। তাকে ঘোষণা করা হয় অপরাধী। বর্তমানে তিনি স্থায়ী আবাসিক মর্যাদার অধীনে অবস্থান করছেন মালয়েশিয়ায়। তবে সেখানেই তিনি ক্রমশ সমালোচনার মধ্যে পড়ছেন। সম্প্রতি সেদেশের হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে তিনি এক বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে তাকে নিয়ে মন্ত্রীপরিষদে আলোচনা হয়েছে। অনেকেই তাকে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার দাবি তুলেছেন। জবাবে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাকির নায়েক।
ওদিকে মোদি ও মাহাথির মোহাম্মদের বৈঠকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার বিষয় আলোচিত হয়েছে। এ সময়ে মোদি জানিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এবং কাশ্মীরে সুশাসন ফেরাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ত্রাস ইস্যুকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন মাহাথির।
Leave a Reply