১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার ব্রাহ্মণনবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার। এ ব্যাপারে সরকারের করার কিছু নেই।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় জেলে আছেন। তাকে যদি জামিন দিতে হয় এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কী করবেন তা আদালতই ঠিক করবেন।’
‘এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। বলেন, ‘যখন এরশাদ খালেদা জিয়াকে এক টাকায় গুলশানের একটি বাড়ি দেন আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়ে দেন তখন তিনি খুব ভালো লোক ছিল। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন তিনি খারাপ লোক। তাদের কথা এখন আর কেউ বিশ্বাস করে না।’
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।
Leave a Reply