ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের জনগণ রাষ্ট্রীয় উৎপীড়নের মুখে বিপর্যস্ত।
বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, ‘ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমাদের প্রেরণা জোগাবে কারবালার আত্মত্যাগের ঘটনা।’
আশুরার দিনের তাৎপর্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘হজরত মোহাম্মদ সা.-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন রা.-এর শাহাদত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরসহ জালিমের হাতে শহীদ হন। ব্যক্তিগত কোনো অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্ম-সম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা যুগিয়ে চলছে।’
ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমি হজরত ইমাম হোসাইন রা.-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি ইমাম হোসাইন (রা.), তার পরিবার এবং কারবালার শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।’
Leave a Reply