ঢাকা, ০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকালে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, মানুষ সেবার জন্য থানায় এসে ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়। রাজধানীর প্রতিটি থানাকে জনগণের বিশ্বাস ও আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ডিএমপির প্রতিষ্ঠা দিবস।
আইজিপি বলেন, ‘ঢাকা শহরকে নিরাপদ রাখতে ডিএমপি সদস্যরা সাতদিনের ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।’
‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্র নিয়ে ডিএমপি ১৯৭৬ সাল থেতে রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। পুলিশের এই বৃহৎ ইউনিট প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি সদস্যদের জনতার পুলিশ হওয়ার আহবান জানিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ। জনগনের আস্থা অর্জনই ডিএমপির একমাত্র লক্ষ্য।’
‘আমরা ৪৪ বছর ধরে চেষ্টা করেছি, জনতার পুলিশ হতে। বিশ্বাস ও ভালোবাসার ওপরে একজন পুলিশ সদস্যের কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।’
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি সদর দপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএমপি।
Leave a Reply