ঢাকা, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ই কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের বিরুদ্ধে গ্রাহকের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গ্রাহকের আনা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
২০২০ সালের জুলাই মাসে গুলশানের জব্বার টাওয়ারের ১৩ তলায় অফিস খুলে ব্যবসা শুরু করে আনন্দের বাজার। নির্ধারিত দামের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেল, মুঠোফোনসহ বিভিন্ন পণ্য বিক্রি করত প্রতিষ্ঠানটি।
শুরুর দিকে ৩০ কর্মদিবসের মধ্য কিছু গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করে আস্থা অর্জনের চেষ্টা চালায় কোম্পানিটি। এই ফাঁদে পড়েন অন্য গ্রাহকেরা। এক পর্যায়ে গ্রাহক ঠকিয়ে তাদের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
পরে মুশফিকুর রহমান, হাসনাইন আল রাশেদ, শামীমসহ প্রতারিত তিন গ্রাহক আনন্দের বাজারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রিট করেন।
Leave a Reply