হেলথ ডেস্ক, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীন সরকার ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য। বিশ^জুড়ে করোনা ভাইরাস মহামারি নিয়ে তারা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছে বলে অভিযোগ আনা হচ্ছে। এ জন্য অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে দাবি করা হচ্ছে ওই মামলায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মিসৌরি রাজ্যের এটর্নি জেনারেল এরিক শমিট বলেছেন, করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর ভয়াবহতা ও তার সংক্রামক প্রকৃতি নিয়ে বিশে^র কাছে মিথ্যে বলেছে চীনা সরকার। তারা হুইসেলব্লোয়ার বা এই ভাইরাস সম্পর্কে তথ্য প্রকাশকারীর কণ্ঠকে স্তব্ধ করেছে। করোনা ভাইরাস বিস্তার রোধে খুব সামান্যই করেছে। এ জন্য অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।
এই মামলায় বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি, মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তার রাজ্যে সে জন্য ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। মিসৌরির কর্মকর্তারা এই মামলাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, মিসৌরির করা এমন আইনী ব্যবস্থায় চীনের সামনে তেমন উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে না। কারণ, এমন মামলায় বিদেশী সরকারগুলোকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন। ওদিকে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা বার বারই শক্তভাবে প্রত্যাখ্যান করছে চীন।
Leave a Reply