ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজধানী ঢাকা শহরকে সরকার লাস ভেগাসে পরিণত করেছে। তিনি বলেন, আমরা শুনেছিলাম বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে একধাপ ওপরে ঢাকা শহরকে তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে, যে লাস ভেগাস হচ্ছে জয়াড়িদের শহর। ক্যাসিনোর শহর।
ড.আব্দুল মঈন খান আরও বলেন, আজ থেকে ৪০০ বছর আগে যখন এ শহর প্রতিষ্ঠা হয়েছিল, তখন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। আজকে উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি, বাংলাদেশের মানুষের নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে?
তিনি আরও বলেন, এই সরকার এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। মধ্যম আয়ের নমুনার ঠেলায় ঢাকা শহর যদি লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে, তখন ঢাকা শহর কোথায় যাবে, সেটা বলার কোনও সঙ্গতি আমার জানা নেই।
মানববন্ধনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
Leave a Reply