ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ‘গণতন্ত্র ফেরাতে’ বিএনপির আন্দোলন চলছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফখরুল তার দলের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, দেশে ‘গ্রহণযোগ্য নির্বাচন’ অনুষ্ঠান এবং চেয়ারপারসনকে কারাগার থেকে মুক্ত করাই তাদের চ্যালেঞ্জ।
বিএনপি কি তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্দোলনে যাবে?- এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন চলছে এবং তা আরো বেগবান হবে।’বিরোধী দল ও বিরোধী মত নিশ্চিহ্ন করে আবারো একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে সরকার। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি মিথ্যা বানোয়াট মামলায় অন্যায়ভাবে দেড় বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সারাদেশে নেতাকর্মীদেরও হয়রানি করা হচ্ছে।’‘সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও বাধা দেওয়া হচ্ছে। মানুষের মত প্রকাশ করার অধিকার নেই। সরকার বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে সরকার নিশ্চিহ্ন করতে চায়। সেজন্য সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভিন্ন মতকে দমনের জন্য যা যা করা দরকার সবই এ সরকার করে চলেছে।’
বঙ্গবন্ধু হত্যার পর নানা ঘটনাপ্রবাহে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। দিনটি স্মরণে বিএনপি নানা কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা সকালে যান চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে। ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ অভ্যুত্থাতে প্রাণ হারানোর পর সেখানেই সমাহিত করা হয় জিয়াকে। পরে চন্দ্রিমা উদ্যানে নিয়ে আসা হয় দেহাবশেষ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply