ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।”
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অনলাইন সংবাদমাধ্যম জিটিও–কে দেওয়া ওই সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। তার দাবি, বাংলাদেশের ভেতরের বাস্তবতা অনেক ভিন্ন এবং এসব সহিংসতার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
২০২৪ সালের গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি স্মৃতিচারণ করে বলেন, “মানুষ যখন আমাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমি বিস্মিত হয়েছিলাম। আমি চাইনি এই দায়িত্ব নিতে। কিন্তু আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি দেশ ও গণতন্ত্রের জন্য এত কিছু ত্যাগ করতে পারেন, তাহলে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।”
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও জাতীয় নির্বাচন আয়োজনে দেরির যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণসহ নানা আলোচিত বিষয়ে মতামত ব্যক্ত করেন।
Leave a Reply