ঢাকা, ২৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘বালিশ দুর্নীতি’র ঘটনায় ৩৪ জন কর্মকর্তাকে দায়ী করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে চাকরিরত ১৬ জনকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, এই ঘটনায় নানা অনিয়ম ও দু্র্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৩৪ জন কর্মকর্তা। এদের মধ্যে যারা চাকরিতে আছেন গুরুতর অভিযোগের কারণে তাদের ১৬ জনকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অপর ১০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বিভাগীয় মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন্যস্ত দফতরের কর্মকর্তাদের মধ্যে জড়িত কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে এলপিআর (অবসরোত্তর ছুটি) বা অবসরে গেছেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, একজন অবসরে আর তিনজন পিআরএলে আছেন। তাদের ক্ষেত্রে ভিন্ন আইনগত ব্যবস্থা হবে। যেহেতু তারা দায়িত্বে নেই। এজন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। এছাড়া জড়িত ৪ জন কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত আছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই মন্ত্রণালয়কে লিখেছি।
Leave a Reply