ভাঙ্গা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) তৃতীয় দফায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথের ছয়টি স্থানে অবস্থান নেওয়া হয়েছে।
অবস্থানকারীরা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড স্থাপন করে বিক্ষোভ করছেন। তারা জানিয়েছেন, দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত বাতিল করে পূর্বাবস্থায় না ফিরিয়ে আনা হলে আন্দোলন চলবে।
অবশ্য পরিস্থিতির কারণে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক নয়। সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, এপিবিএন এবং সেনাবাহিনী মাঠে অবস্থান করছে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করার তালিকা প্রকাশ করে। এরপর থেকেই এলাকায় ক্ষোভ দেখা দেয়। আন্দোলনকারীরা এর আগে গত শুক্রবার দুটি দফায় মহাসড়ক অবরোধ করেন, তবে স্থানীয় ইউএনও ও ওসি আশ্বাস দেওয়ায় অবরোধ শেষ হয়। এবার তিন দিনের আল্টিমেটামের সময় শেষ হওয়ার পর পুনরায় অবরোধ শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের আগে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা ফরিদপুর-৪ আসনে এবং ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৫ আসনে ছিল। পরে ফরিদপুরের পাঁচ আসন চার আসনে পরিণত হলে ভাঙ্গার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের কারণে বিচ্ছিন্ন হয়।
Leave a Reply