১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কলকাতা-আগরতলা-শিলং সফরের শেষদিন আজ বুধবার সকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শিলংয়ে মেঘালয়ের গভর্নর তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশের তথ্যমন্ত্রী ও মেঘালয়ের গভর্নর দু’দেশের মানুষের বন্ধুত্ব ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পর্যটন শিল্পের বিকাশের ওপর জোর দেন।
হাছান মাহমুদ মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে রাজ্য গভর্নরের আমন্ত্রণে তার সাথে প্রাতরাশ বৈঠকে মিলিত হন। মন্ত্রীর সহধর্মিনী নূরান ফাতেমা ও গভর্নরের সহধর্মিনী অনুরাধা রায় এসময় উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, ‘পাহাড় ঘেরা মেঘালয় বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় পর্যটন অঞ্চল। আবার যোগাযোগ সুবিধা ভালো হলে এখানকার মানুষও সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের বিভিন্ন অংশে বেড়াতে যেতে আগ্রহী।’
তথ্যমন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করেন ও পর্যটন বিকাশের জন্য বাংলাদেশ সরকারের আন্তরিকতার কথা জানান। তথ্যমন্ত্রী এসময় আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।
Leave a Reply