ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুরে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মিডিয়া শাখার প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখা বিদেশগামীদের আঙুলের ছাপ গ্রহণ ও সরবরাহ করছে। অভিবাসনে ইচ্ছুক ব্যক্তির সহযোগিতায় সিআইডির অঙুলাংক শাখা এ দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি অনেক নাগরিককে রাষ্ট্রীয় বা ব্যক্তিগত প্রয়োজনে (ব্যবসা, শিক্ষা, চাকরি, প্রশিক্ষণ, স্থায়ীভাবে বসবাস ও ইমিগ্রেন্ট ইত্যাদি) বিদেশে যেতে এবং অবস্থান করতে হয়। এক্ষেত্রে যদি কোনো নাগরিক ছয় মাসের বেশি সময় বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে এলে পরবর্তীতে ওই দেশে বা অন্য কোনো দেশে যেতে চাইলে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির দুই হাতের দশ আঙুলের ছাপ সংগ্রহপূর্বক সরাসরি কিংবা দূতাবাসের মাধ্যমে পূর্বে অবস্থানের দেশে পাঠাতে হয়। সংশ্লিষ্ট দেশ তার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহপূর্বক পরবর্তী যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসে জমা দিতে হয়।
অভিবাসন ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজন সাপেক্ষে ১০ (দশ) আঙুলের ছাপ গ্রহণপূর্বক সরবরাহের জন্য সিআইডির অতিরিক্ত আইজিপি বরাবর আবেদন করতে হয়।
আবেদনপত্রের সাথে তার এককপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নাগরিক সনদপত্র এবং প্রতিসেট আঙুলের ছাপের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন-১ এর অর্থনৈতিক কোড নং- ১-২২০১-০০০১-২৬৮১ এর অনুকুলে পাঁচশ টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি চালানের কপি আবেদনের সাথে সংযুক্ত করে জমা দিতে হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়নের প্রয়োজন হলে প্রতিসেট (আঙুলের ছাপ) সত্যায়নের জন্য অতিরিক্ত আরও দুইশ টাকা উল্লেখিত কোডে আলাদাভাবে চালানমূলে জমাপূর্বক ট্রেজারি চালানের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হয়।
সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখা এমন আবেদনের প্রেক্ষিতে তার দুই হাতের ১০ (দশ) আঙুলের ছাপ গ্রহণ করে চাহিদা মোতাবেক সেবা গ্রহণকারীর নিকট অথবা স্বরাষ্ট্র মন্ত্রণায়ে পাঠিয়ে থাকে। এ কার্যক্রম অভিবাসনে ইচ্ছুক ব্যক্তির সহযোগিতার জন্য সিআইডির অঙুলাংক শাখা নিষ্ঠা, স্বচ্ছতা, দক্ষতা ও সততার সাথে আন্তরিকভাবে পালন করে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply