ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর লুন্ডে এক উৎসবে যাতে লোকজন ভিড় করতে না পারে সেজন্য সেখানকার প্রধান পার্কে মুরগীর বিষ্ঠা ছিটিয়ে দেয়া হচ্ছে। বসন্ত উৎসব ওয়ালপারগিস নাইট পুরো স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল জুড়েই পালিত হয়। এই উপলক্ষে লুন্ডের পার্কে প্রতি বছর হাজার হাজার মানুষের আবির্ভাব ঘটে। করোনাভাইরাস মহামারির মুখে কর্মকর্তারা চাইছেন উৎসবে মানুষের ভিড় এড়াতে।
সুইডেনে কোন লকডাউন নেই। কিন্তু সেখানে লোকজন নিজেরাই সামাজিক দূরত্ব বজায় রাখছেন। শহরের একজন কর্মকর্তা গুস্টাভ লুন্ডব্লাড বলেন, ‘জনসমাগমের ফলে লুন্ড খুব সহজেই করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে’।
ভিড় ঠেকাতে পার্কে মুরগীর বিষ্ঠা ছড়িয়ে দেয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘এই সুযোগ আমরা পার্কে সার ছড়িয়ে দিতে চাই। এতে দুর্গন্ধ হবে ঠিকই। ফলে লোকজন পার্কে বসে বিয়ার পান করতে চাইবে না।’
ওয়ালপারগিস নাইট বহু প্রাচীন এক উৎসব। এটি খ্রিস্ট ধর্ম আসার আগে একটি পেগান সামাজিক উৎসব, যার মাধ্যমে বসন্ত ঋতুকে বরণ করে নেয়া হয়।
Leave a Reply