ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা বহুল আলোচিত মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটি এই রায়কে স্বাগতও জানিয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ংকর ও ভয়াবহ জঙ্গিবাদ, সেটা যে ধরনেই হোক। যে জঙ্গিবাদ আজকে মানবসভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে, সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি।’‘আমরা এটাও আশা করছি, এধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়? এই ঘটনা ঘটনার সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা, বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে এই অবস্থান তৈরি করেছে যে, যেখানে মানুষ তার কথা বলতে পারবে না।’
ফখরুল বলেন, ‘গতকাল নাসিম সাহেব একটা বলছেন, এটা ঠিক নয়। তিনি বলেছেন, হলি আর্টিজানের যে রায় হয়েছে, সে বিষয়ে আমরা কিছু বলিনি। এটাও ঠিক নয়। হলি আর্টিজানের রায় যেদিন হয়েছে, সেই দিন আমাকে কয়েকজন সাংবাদিক ফোন করেছেন। আমি আমাদের প্রতিক্রিয়া সেখানে দিয়েছি। সেটা হচ্ছে, হলি আর্টিজানের ঘটনা হওয়ার পরপরই আমরা প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সম্মেলনে আমরা বলেছিলাম, আজকে প্রয়োজন জাতীয় ঐক্যের। সরকারের উচিত হবে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে একটা বৈঠকের মাধ্যমে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই জঙ্গিবাদ আমাদের সমস্ত সভ্যতাকে বিনষ্ট করে দিচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন ডিএনএ টেস্ট হয় চাকরি করার জন্য! কী টেস্ট? বিএনপি ও জাতীয়তাবাদীর কোনো গন্ধ আছে কি না। হাসছেন আপনারা? এ ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এজন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। ৭১ সালে আমরা যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এরা (আওয়ামী লীগ) ভাজিডলা করে খেয়ে নিচ্ছে।’বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার সব চক্রান্ত সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন ফখরুল। বলেন, ‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply