হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নারায়ণগঞ্জ ফেরত এক যুবককে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই যুবকের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে।
এলাকাবাসী জানায়, দুদিন আগে লকডাউনের মধ্যেই লুকিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন ওই যুবক। তবে পরিবারের দাবি তিনি ভোলাগঞ্জ থেকে এসেছেন। শুরুর দিকে কেউ গুরুত্ব না দিলে ও পরবর্তীতে তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ারকে বিষয়টি জানানো হয়। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেনকে ফোন করে বিষয়টি জানান এবং ওই ব্যক্তিকে পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
এ ব্যাপারে পশ্চিম পাগলা ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য শওকত হোসেন বলেন, খবর পেয়ে তার বাড়িতে যাই। তার মাঝে সর্দি-কাশির মতো করোনা উপসর্গ থাকায় তাকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। তার পরিবারকে প্রাথমিক কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউর রহমান বলেন, রোগীর সামান্য উপসর্গ আছে। বর্তমান সময়ে এমন উপসর্গকেও গুরুত্ব দিতে হয়। তাই তাকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নমুনা সংগ্রহ করা হয়নি।
Leave a Reply